পটুয়াখালী জেলার জেলা যাচাই-বাছাই কমিটি কতৃক কলেজ পর্যায়ে পটুয়াখালী সরকারি মহিলা কলেজ এর রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাশিদুল হাসান গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চিঠিটি পটুয়াখালী জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার পরিচালক এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় মনের অভিব্যক্তি জানতে চাইলে রাশিদুল হাসান বলেন, “আমি ২৭ তম বিসিএস এর মাধ্যমে শিক্ষকতায় প্রবেশ করি। আমি সব সময় আমার শিক্ষার্থীদেরকে সময় দেয়ার পাশাপাশি, স্কাউটসসহ বিভিন্ন সামাজিক সংগঠন এর সাথেও জড়িত। আজকে পটুয়াখালী জেলায় যে সম্মান আমাকে দেয়া হয়েছে, তাতে আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। আমি এখন পটুয়াখালী সরকারি মহিলা কলেজে চাকুরীরত রয়েছি। ভবিষ্যতে যে কলেজেই যাইনা কেনো, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো এবং শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদানে সর্বদা সচেষ্ট থাকবো। আমি পটুয়াখালী জেলার জেলা শিক্ষা অফিসার সহ যাচাই-বাছাই কমিটির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য আপনারা দোয়া করবেন।”