পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। উপজেলার কপালভেড়া এলাকায় একটি মাছের ঘেরে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামানের নির্দেশে এসআই (নিঃ) মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান ও এএসআই (নিঃ) মোঃ আরিফ হোসেনসহ পুলিশের একটি দল এলাকায় বিশেষ ডিউটি ও পরোয়ানা তামিলকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কপালভেড়া আবাসনের দক্ষিণাংশের কাঁচা রাস্তার পশ্চিম পাশে অবস্থিত অভিযুক্ত বশির খানের মাছের ঘেরের একটি টিনশেড ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের ভেতর মাছের খাবারের বস্তার নিচ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক সেবনে ব্যবহৃত দুটি গ্যাসলাইট, একটি প্লাস্টিকের বোতলের মুখ, একটি ২ টাকার নোট, একটি ৫ টাকার নোট এবং ছয় টুকরা ফয়েল পেপার জব্দ করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রথম প্রহরে (রাত ১২টা ৩৫ মিনিটে) মির্জাগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা (এফআইআর নম্বর-১৭, জিআর নম্বর-১৩২) রুজু করা হয়। বর্তমানে পুলিশি তদন্ত সাপেক্ষে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মোঃ. বশির খান (৪২), পিতা: মোঃ. অন্নাত খান। মোঃ. নেছার খান (৩০), পিতা: মৃত ওহাব আলী খান। উভয়ের বাড়ি মির্জাগঞ্জ ইউনিয়নের কপালভেড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডে।