পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবা এবং ২০ গ্রাম গাঁজাসহ মো. মিজানুর আকন (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহরখালী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে মির্জাগঞ্জ থানা পুলিশ। আটক মিজানুর ওই এলাকার মোঃ আবদুল মজিদ আকন ও মিনারা বেগম দম্পতির সন্তান।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই রাতে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের দায়িত্বে ছিলেন মির্জাগঞ্জ থানার এসআই (নিঃ) কাওসার আহমেদ, এএসআই (নিঃ) সালাউদ্দিন এবং এএসআই (নিঃ) মো. মাসুদ রানা তাদের ফোর্স সহ পুলিশের একটি দল এলাকায় টহল ও মাদক উদ্ধার অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে মনোহরখালী গ্রামের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মিজানুরের বসতঘরে তল্লাশি চালিয়ে ২৩ পিস ইয়াবা ও ২০ গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।

​এ ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) প্রথম প্রহরে (রাত ১২টা ২০ মিনিটে) মির্জাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) এবং ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-১২, জি আর নং-১২৭) দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, “মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে দ্রুত সময়ে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”