পটুয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ ইমাম হাসান তামিম (২৫) ও মোঃ জামাল মল্লিক (৪২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৫ মিনিটের সময় পৌর শহরের বাস টার্মিনাল সংলগ্ন কালিকাপুর আবাসিক হোটেলের ৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, “কয়েকজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট কেনাবেচার উদ্দেশ্যে উল্লেখিত হোটেলে অবস্থান করছিলো। রাত ৯টা ১০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে। উপস্থিত সাক্ষিদের সামনে পুলিশ বিধি মোতাবেক তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করে জব্দ করে। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক)/৪১ ধারায় অভিযোগ এনে মামলা করা হয়। যার মামলা নং-২৪ এবং জিআর নং-৫৩৭। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”