পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. নাহিদ মোল্লা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চর কাজল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড় চরকাজল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে চর কাজল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইদ্রিস মোল্লার টিনশেড ঘরে অভিযান চালান। এ সময় ঘরের উত্তর পাশের বারান্দায় একটি চৌকির নিচ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. নাহিদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাহিদ মোল্লা বড় চরকাজল এলাকার মো. ইদ্রিস মোল্লার ছেলে।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ১১৯, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।