সনদপত্র বিতরণের মাধ্যমে পটুয়াখালীতে তিন দিনব্যাপী ‘বাংলাদেশে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক  প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ হিরুজ্জামান এনডিসি। জেলা প্রশাসক ড. মোঃ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মারুফ নেওয়াজ সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, “জলবায়ু পরিবর্তন বর্তমান সময়ে একটি বড় ইস্যু। পরবর্তী প্রজন্মের কাছে এটি হুমকি স্বরুপ। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এখন থেকেই উদ্যোগ গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য বড় বড় দেশগুলো দায়ী হলেও ক্ষতিপূরণের অর্থ প্রদানের জন্য তারা অনেক শর্ত দিয়ে দেন যা পূরণ করে এই অর্থ পাওয়া সম্ভব হয় না। তাই আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই সেজন্য জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা খুবই  গুরুত্বপূর্ণ।”

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে ৪ থেকে ৬ সেপ্টেম্বর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের ২৫ জন কর্মী অংশ নেন। প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। 

 ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে কোডেক প্রশিক্ষণ সেন্টারে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।