সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে শুরু হয়ে গেছে ব্যাপক প্রস্তুতি।

উপজেলার কেন্দ্রীয় ও অন্যতম প্রধান পূজামণ্ডপ—মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার, সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমপ্লেক্স ভবনে এখন চলছে প্রতিমা গড়ার শেষ মুহূর্তের নিপুণ কাজ। মন্দিরের প্রাঙ্গণে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী শ্রী প্রসীত মণ্ডল ও তাঁর সহকর্মীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিমা শিল্পী শ্রী প্রসীত মণ্ডল অত্যন্ত নিখুঁত ও শৈল্পিক হাতে মাটির কারুকার্য ফুটিয়ে তুলছেন। দেবী দুর্গা, মহিষাসুর, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং বাহনগুলোর রূপদানে চলছে তাঁর দিনরাত ক্লান্তিহীন পরিশ্রম। বাঁশ, খড় ও আঠার প্রলেপে প্রাথমিক কাঠামো তৈরির পর এখন চলছে মাটির সূক্ষ্ম নকশা ও অলংকরণের কাজ। শিল্পীর জাদুকরী ছোঁয়ায় প্রতিটি প্রতিমা যেন প্রাণ ফিরে পাচ্ছে। এই নিখুঁত মাটির কারুকার্য দেখতে এবং পূজার আগাম আনন্দ উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মন্দির কমপ্লেক্সে।

সুবিদখালী বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমপ্লেক্স ভবনের কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবারের মতো এবারও জাকজমকপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিল্পী শ্রী প্রসীত মণ্ডলের নিপুণ কারুশিল্পে তৈরি প্রতিমাগুলোর মাটির কাজ শেষের পর শিগগিরই শুরু হবে রঙ ও তুলির আঁচড়ের কাজ। নির্দিষ্ট সময়ের মধ্যেই এই নান্দনিক প্রতিমা তৈরির কাজ শেষ হবে এবং ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে পুরো মন্দির কমপ্লেক্স—এমনটাই প্রত্যাশা আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের।