ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ১২৭ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সাইফুল স্টোরের মালিক মো. সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাঠপট্টি এলাকার সাইফুল স্টোরের গোডাউনে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ নাসিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোডাউন থেকে অবৈধ এই পলিথিন জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইফুল স্টোরের মালিক মো. সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি কাঠপট্টি এলাকার মো. মাহফুজুর রহমানের ছেলে।
অভিযানে ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুল স্টোরের গোডাউন থেকে ৩ হাজার ১২৭ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পলিথিনের মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পলিথিন আইন অনুযায়ী বিনষ্ট করা হবে।”
অভিযানে নেতৃত্ব দেওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ নাসিম বলেন, “অবৈধ পলিথিনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”