পটুয়াখালীর মির্জাগঞ্জে অবস্থিত বাংলাদেশ সেবামাশ্রমের উদ্যোগে ও যুবসংঘের পরিচালনায় নানা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩২তম ‘শ্রী শ্রী কৃষ্ণের ঝুলন যাত্রা’ মহোৎসব। এ উপলক্ষে ৮ দিনব্যাপী বর্ণাঢ্য বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

গত ২৩ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ (০৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ) রবিবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ৩০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ (১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ) রবিবার পর্যন্ত।

আশ্রম সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী (এম.এ ট্রিপল সপ্ততীর্থ) এই সেবামাশ্রমটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নিবন্ধিত (নম্বর- ৩০৪) একটি প্রতিষ্ঠান। প্রতি বছরের ন্যায় এবারও পূর্ণিমা তিথিতে পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেব এই ঝুলন যাত্রা উদযাপনের শুভ সূচনা করেছেন।

কলিযুগের সকল জীবের পরিত্রাণ ও মঙ্গল কামনায় ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা স্মরণের উদ্দেশ্যে আয়োজিত এই মহোৎসবে ধর্মপ্রাণ ভক্তবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বাংলাদেশ সেবামাশ্রমের সভাপতি সুকদেব মালাকার, সাধারণ সম্পাদক সুশীল মালাকার এবং কোষাধ্যক্ষ বাবু নন্দ দুলাল উৎসবের সার্বিক সাফল্য কামনা করে আয়োজিত সকল অনুষ্ঠানে ভক্তবৃন্দকে সপরিবারে উপস্থিত থাকার বিনীত আমন্ত্রণ জানিয়েছেন।