পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাদুরা গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট ) সকাল আনুমানিক ৯ টার দিকে তাদের নিজ ওয়ারিস রেকডীয় জমিতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— হাবিব ঢালী (৪৫), তোফাজ্জেল ঢালী (২৭), জাহানারা বেগম ( ৪৫) ও কালাম ঢালী (৫০)। এর মধ্যে গুরুতর আহত হাবিব ঢালী। তাদেরকে গলাচিপা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা হলে আদালতের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমির সীমানা নির্ধারণ করে দেন। এরপর থেকেই প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে বলে আহতদের পরিবারের অভিযোগ।
অভিযোগে বলা হয়, শনিবার সকালে গনি ঢালী, রিয়াজ ঢালী, ফারুক ঢালী, আলিম ঢালী, আমির ঢালী ও জলি বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র, লাঠি ও ধারালো রামদা ও মরিচের গুরা নিয়ে জমিতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চারজনকে আহত করা হয়। আহতদের স্বজনরা তাদের উদ্ধার করে গলাচিপা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান করেন।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, “আমার চিকিৎসাধীনে চারজন রোগী ৩য় তলায় ভর্তি হয়েছে।”
এ বিষয়ে প্রতিপক্ষ গনি ঢালী ও রিয়াজ ঢালী মুঠোফোন বলেন, “আমরাও অহত হয়েছি।” ইউপি সদস্য মো.শহিদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”