গলাচিপা পৌরসভার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় অবাধে গরু, ছাগল ও ভেড়া বিচরণের কারণে যানজট, পথচারীদের চলাচলে বিঘ্ন এবং শহরের সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর প্রশাসনের উদ্যোগে মাইকিং করে পশু অবাধে ছেড়ে না দেওয়ার জন্য মালিকদের সতর্ক করা হয়েছে।
পৌরসভার পক্ষ থেকে প্রচারণায় জানানো হয়, শহরের সড়ক ও জনবহুল এলাকায় গবাদিপশু অবাধে বিচরণ করতে দেওয়া যাবে না। মাইকিংয়ের মাধ্যমে পশুর মালিকদের এ বিষয়ে সতর্ক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
গলাচিপা পৌর প্রশাসক আবুজর মো. ইজাজুল হক বলেন, “পৌরসভার পক্ষ থেকে ইতোমধ্যে মাইকিং করে পশু মালিকদের সতর্ক করা হয়েছে। এরপরও পৌর এলাকার রাস্তাঘাটে গরু, ছাগল বা ভেড়া অবাধে বিচরণ করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পৌরবাসীর দাবি, শহরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে নিয়মিত নজরদারি এবং সতর্কবার্তার পাশাপাশি প্রয়োজন হলে জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হলে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।