এসএসসি পরীক্ষায় পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা প্রায় শতভাগ পাশ করায় বিদ্যালয়টিতে আনন্দের বন্যা বইছে। ফলাফল প্রকাশের পর এ খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকরা।

পটুয়াখালী কালেক্টর স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শাহানারা আক্তার জানান, “এ বছর এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ১২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনিয়মিত একজন শিক্ষার্থী ছাড়া বাকি ১২৪ জনই পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২৮ জন, জিপিএ ৪ পেয়েছেন ৬২ জন। শিক্ষার্থীরা ভালো ফলাফল করায় অনেক আনন্দ হচ্ছে।”

ভালো ফলাফল হয়েছে জেলার অন্য দুই বিদ্যাপীঠ পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও। পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৯১.৬৭ শতাংশ। ২২৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন শিক্ষার্থী।

পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পাশের হার ৯৬.০২ শতাংশ। ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৭০ জন। অন্যান্য বিদ্যালয়গুলোতেও ফলাফল তুলনামূলক অনেক ভালো হয়েছে বলে জানা গেছে।