পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৫ নং কাঁকড়াবুনিয়া ইউনিয়নের মহকুমা ও বৈদ্যপাশা খালে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুনসীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহকুমা ও বৈদ্যপাশা গ্রামে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক ও এর সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ঘটনাস্থল থেকে পাইপসহ দুটি বোরিং ড্রেজার মেশিন জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের বিষয়ে কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হিরণ মোল্লা জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী জব্দ করা মেশিন দুটি স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। এর মধ্যে একটি তার বাড়িতে এবং অন্যটি ইউনিয়ন পরিষদ গোডাউনে সংরক্ষিত রয়েছে।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুনসী বলেন, “পরিবেশ ও নদী-খাল রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”