আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪ টার দিকে মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেলের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হলের সিট দখলকে কেন্দ্র করে এ সংর্ষের সূত্রপাত বলে জানা গেছে।

জানা গেছে, সকাল থেকেই মাদ্রাসার ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এক পর্যায়ে দুপুরের পর পরই পুলিশের উপস্থিতিতেই দুই ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে।

ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অভিযোগ, হলের সিট অবৈধভাবে দখলের প্রতিবাদে তাদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল। অন্যদিকে ছাত্রদলের নেতা-কর্মীদের দাবি, ছাত্রশিবির সারাদেশেই এমন ঝামেলা করছে।

এর আগে, আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা কলেজেও সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীরা। সকালে জবির কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতেও সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়েছেন জকসুর ভিপি, জিএস, এজিএস এবং জবি ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া, সেক্রেটারি ফেরদৌস শেখ, জবি ছাত্র ফ্রন্টের ইভান তাহসিভসহ অনেকে। ঢাকা কলেজের সংঘর্ষে শিবিরের অন্তত ২০ জন ও ছাত্রদলের ৭ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।