বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আজ আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আল-আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নোমান পারভেজ, মেডিকেল অফিসারবৃন্দ, নার্সিং সুপারভাইজার, নার্স ও মিডওয়াইফ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় প্রতিনিধি, আনসার সদস্য, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’-এর প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জন্মের পরপরই শালদুধ পান করানো, প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো, পরবর্তী সময়ে উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি মা, বাবা ও পরিবারের সদস্য, স্বাস্থ্যসেবাদানকারী, কমিউনিটি, কর্মক্ষেত্র, ধর্মীয় নেতাসহ সমাজের সকল স্তরের মানুষের ভূমিকা এবং মাতৃদুগ্ধ বিকল্প, শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুখাদ্য ও এর সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, “একটি সুস্থ, মেধাবী ও উন্নত বাংলাদেশ গড়তে প্রতিটি শিশুর জন্য মাতৃদুগ্ধ নিশ্চিত করা অপরিহার্য। মাতৃদুগ্ধ শিশুর সর্বোত্তম খাদ্য এবং এটি মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মাতৃদুগ্ধ বিষয়ে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি এবং সহায়ক পরিবেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠান শেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।