পটুয়াখালীর গলাচিপা উপজেলার রামনাবাদ নদীর ওপর কাঙ্ক্ষিত সেতুটির নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞের সূচনা হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে সেতুর নির্মাণকাজের ছবি শেয়ার করার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ফেসবুক পোস্টে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি উল্লেখ করেন, ২০১২ সাল থেকে শুরু করে আজ অবধি এই বিশাল কর্মযজ্ঞের সঙ্গে জড়িত প্রতিটি মানুষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া তিনি জানান, এই সেতুর সয়েল টেস্ট, সাইট সিলেকশন এবং নকশা প্রণয়নে পটুয়াখালী সড়ক ও জনপথ (রোডস অ্যান্ড হাইওয়ে) বিভাগের তৎকালীন এক নির্বাহী প্রকৌশলীর বিশাল অবদান রয়েছে, যিনি সম্প্রতি কাজের কিছু ছবি তাঁর কাছে পাঠিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন মহলের মতে, রামনাবাদ নদীর ওপর এই সেতু নির্মিত হলে গলাচিপা উপজেলার যোগাযোগ ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তন আসবে। দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নেপথ্যের কারিগরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। বর্তমানে নদীর তীরে নির্মাণকাজের প্রাথমিক প্রস্তুতি ও ভারী যন্ত্রপাতি স্থাপনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।