বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।
বৃহস্পতিবার সকালে পটুয়াখালী পৌর শহরের জুবিলী সড়কে ইসকন পরিচালিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে বৈদিক অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে ৯ দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়।
যজ্ঞের আগুনে বিভিন্ন দ্রব্য আহুতি প্রদান এবং বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুরোহিতরা দেশ, জাতির শান্তি ও কল্যাণ কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। সনাতনী ভক্তবৃন্দরা যজ্ঞানুষ্ঠানে উপস্থিত থেকে সমবেত প্রার্থনায় অংশগ্রহণ করেন।
বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রথের দড়ি টেনে এ উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার, পৌর প্রশাসক, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
পরে শোভাযাত্রা সহকারে জগন্নাথ দেবের রথ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় ৯টি রথে জগন্নাথ দেবকে নগর পরিভ্রমণে বের করা হবে।
শাস্ত্র মতে ভক্তদের দর্শন দানের উদ্দেশ্যে শ্রী শ্রী জগন্নাথ দেব এই তিথিতে আপন আলোয় থেকে রথে চড়ে নগর পরিভ্রমণ করে মাসির বাড়ি বেড়াতে যান। সাত দিন পরে তিনি আপন আলোয় ফিরে আসেন তখন হয় উল্টোরথ। বিশ্ব শান্তির উদ্দেশ্যে হাজার হাজার সনাতন ধর্মালম্বলম্বী এ উৎসবটি পালন করেন।
উৎসব উপলক্ষে হরিনাম সংকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, গীতা পাঠের আসর ও আলোচনা সভারসহ নয় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে ইসকন ও বিভিন্ন মন্দির কমিটি।