পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, মাছ চুরি এবং আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রামর্দন গ্রামের বাসিন্দা মো. বাবুল পহল্লান (৬০)। তিনি গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর. মামলা নং-৪১৬/২৬ দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে অভিযুক্তরা পরিকল্পিতভাবে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের মাছ নষ্ট ও আত্মসাৎ করে। পাশাপাশি ঘেরের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোরও প্রায় ৯০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মামলাটি গ্রহণ করে অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গলাচিপা থানার অফিসার ইনচার্জকে (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে।