ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, “আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিডিউর আছে, সেটিই তিনি অনুসরণ করবেন।”
বিরোধীদলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি রয়েছে। সেই ধারাবাহিকতায় এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তা ইতিবাচকভাবে দেখা উচিত।”
তিনি আরও বলেন, “তারা যদি মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা তুলে ধরেন এবং বর্তমান মন্ত্রণালয়গুলোর কোথায় কী ভুল হচ্ছে সে বিষয়ে ইতিবাচক ও গঠনমূলক মতামত দেন, তাহলে সেটি অবশ্যই স্বাগতযোগ্য।”
জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।