দেশের দক্ষিনাঞ্চলের উপকূলীয় জেলা পটুয়াখালীতে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা, স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ‘পটুয়াখালীতে স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন এবং জলবায়ু সহনশীলতা’ (Locally Led Adaptation and Climate Resilience in Patuakhali) শীর্ষক একটি অংশীজন পরামর্শ সভা (Stakeholder Consultation Meeting) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৬ জুলাই) পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন পাশা ট্রেনিং সেন্টারে পরিবেশবাদী বেসরকারি উন্নয়ন সংস্থা লাল সবুজ সোসাইটি ((LSS) ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)-এর ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ICCCAD) এর যৌথ আয়োজনে দিনব্যাপী এ পরামর্শ সভায় ‘জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন (Locally Led Adaptation-LLA) কার্যক্রমকে আরও কার্যকর করার নানা দিক নিয়ে অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. হাবিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেস-এর ডিন ও সহযোগী অধ্যাপক ড. কে. আযাজ রব্বানী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর পটুয়াখালীর প্রশিক্ষক মোহাম্মদ মতিউর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদার।
আরও বক্তব্য রাখেন লাল সবুজ সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার মো. ইস্রাফিল, অংশগ্রহনকারী সাংবাদিক সোহরাব হোসেন, সাংবাদিক রায়হান, শিক্ষক কাজী মো. মোস্তাইন বিল্লাহ, শিক্ষক কাজী মো. রিপন, কৃষক দুলাল গাজী, অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক মো. আবদুল্লাহ হাসান মুসা, স্বেচ্ছাসেবক সাইফুল ইসলাম রবি, শিক্ষার্থী রুবাইয়া রহমান, কৃষক শহিদুল ইসলাম, নদী ভাঙ্গনে ভুক্তভোগী মো. রুহুল গাজী ও শিক্ষার্থী উদ্যোক্তা বায়জীদ প্রমুখ।
লাল সবুজ সোসাইটির প্রোগ্রাম অফিসার মোনেরা সিফা রুমকি এর সভাপতিত্বে ও লাল সবুজ সোসাইটি বরিশালের সহ-সভাপতি পূজা দাসের সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক আল মামুন রাকিবের ব্যবস্থাপনায় পরামর্শ সভায় স্থানীয় সরকার প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গবেষক, উন্নয়নকর্মী, শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশকর্মী, তৃণমূল পর্যায়ের যুব প্রতিনিধি, নারী প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরাসহ ৫৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভায় পটুয়াখালীর কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব এবং এসব খাতকে আরও সহনশীল করে গড়ে তোলার সম্ভাব্য কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।