পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের ১৩ বছর বয়সী শিশু নাহিদ হাওলাদার নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাহিদ হাওলাদার উপজেলার পক্ষিয়া গ্রামের বাসিন্দা মশিউর রহমানের ছেলে। গত বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে রাঙ্গাবালী থেকে লঞ্চযোগে পানপট্টি এলাকায় নামে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরে বাধ্য হয়ে বিষয়টি থানায় অবহিত করে সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজ নাহিদের উচ্চতা প্রায় ৪ ফুট, গায়ের রং শ্যামলা, চুল কালো ও ছোট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও চেক লুঙ্গি। সে বরিশাল অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বলে।
নাহিদের বাবা মশিউর রহমান জানান, ছেলেকে ফিরে পাওয়ার আশায় তারা উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে বা অবস্থান সম্পর্কে তথ্য জানলে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। এ বিষয়ে তথ্য থাকলে মোবাইল নম্বর ০১৭৫৯-৪৩৯৭৮৪-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
গলাচিপা থানার একটি সূত্র জানিয়েছে, নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনগণকেও এ বিষয়ে সতর্ক ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।