প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৯ জুন সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ থেকে একযোগে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতি শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই নতুন সবুজায়ন কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এরই অংশ হিসেবে পটুয়াখালী সদর উপজেলাধীন ছোটবিঘাই ইউনিয়ন এর কুমারখালী আমিনিয়া আলিম মাদ্রাসায় গত ৪ জুলাই শনিবার সকাল ১০ টায় ফলজ, বনজ ও ঔষধি মোট ২২ টি গাছের চারা রোপণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুস সালাম ও উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
সরকারের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুস সালাম বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছেন। দিন দিন আমাদের পরিবেশের বিপর্যয় ঘটছে। আমরা প্রতিদিন লক্ষ লক্ষ গাছ কাটি কিন্তু রোপণ করি কম। ফলে বৈশ্বিক উষ্ণতা সহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং আমরা মানবজাতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছি। সারাদেশব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের মারাত্মক বিপর্যয় প্রতিরোধ করবে এবং আমরা আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ পৃথিবী রেখে যেতে পারবো।”