ক্রয়কৃত জমি জালিয়াতির মাধ্যমে পুনরায় দখলের অপচেষ্টা এবং একটি প্রতারক চক্রের শাস্তির দাবিতে বরগুনা-বেতাগী সড়কে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

​শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ এলাকার বরিশাল-বেতাগী-বরগুনা মহাসড়কে ‘এলাকাবাসী ও ভুক্তভোগীবৃন্দ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নিয়ে প্রতারকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করে জানান, ২০১৬ সালে বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের আয়লা (চান্দখালি) গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের কাছ থেকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের দুই ভাই—ফারুক আলম ও হাজী সুমন সম্পূর্ণ বৈধ উপায়ে একখণ্ড জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর দলিল ও আর্থিক লেনদেনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে তারা সেখানে একটি দোতলা বসতঘর এবং কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্টল নির্মাণ করে গত ১০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।

 দীর্ঘ এক দশক পর হঠাৎ করেই দাতার (আব্দুস সাত্তার) সন্তানরা উক্ত জমি তাদের নিজেদের দাবি করে বসেন। অনুসন্ধানে জানা যায়, জমি বিক্রির পূর্বেই দাতা অত্যন্ত সুকৌশলে এবং জালিয়াতির আশ্রয় নিয়ে জমিটি তার সন্তানদের নামে লিখে দিয়েছিলেন।

পরবর্তীতে এই প্রতারণার বিষয়টি ফাঁস হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে ভুক্তভোগীরা দাতার শরণাপন্ন হলে, দাতা নিজের ভুল ও প্রতারণা স্বীকার করে সন্তানদের দেওয়া পূর্বের দলিল বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদনও করেন। তবে তার সন্তানরা সেই জমি ছাড়তে অস্বীকৃতি জানিয়ে জোরপূর্বক দখলের পাঁয়তারা ও ভুক্তভোগীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

​মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী পৈতৃক ও কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা সম্পদ রক্ষা এবং এই জালিয়াতি চক্রের মূলহোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে অসহায় পরিবারটি এই ভূমিদস্যু চক্রের হাত থেকে বাঁচতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।