জাতীয় সংসদে পাসকৃত ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট বাস্তবায়ন সম্পর্কিত বিষয়ে পটুয়াখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পটুয়াখালী-১ আসনের সাংসদ কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০ টায় পটুয়াখালীর শের-ই-বাংলা রোডস্থ সুরাইয়া ভবনে আয়োজিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক স্বরাস্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেন, “২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ৫৫ বছরের সর্বোচ্চ বাজেট। এ বাজেটে ভঙ্গুর অর্থনীতি স্বাভাবিক হবে, ব্যবসা-বানিজ্যের বিস্তার ঘটবে, শিক্ষা, স্বাস্থ্যের উন্নতি হবে, স্কুল- কলেজ, মসজিদ- মন্দিরসহ অবকাঠামোর উন্নয়ন হবে, উন্নয়ন হবে ইপিজেড। এ বাজেটের ফলে মানুষের কল্যাণসহ পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে।”
এ সকল উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদেরসহ সকল নাগরিকের সার্বিক সহযোগীতা করার আহবান জানান সাংসদ আলতাফ হোসেন চৌধুরী।
এ সময় সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির ও লাউকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ।
উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরীর পিএস অ্যাডভোকেট মো. আনিচুর রহমান, জেলা মহিলা দলের সাবেক সভাপতি একেএম কলেজের সহকারী অধ্যাপক রাস্ট্রবিজ্ঞান বিভাগ এর প্রধান লায়লা ইয়াসমিন তালুকদার ও একেএম কলেজের সহযোগী অধ্যাপক সাংবাদিক গোলাম রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।