গাইবান্ধার পলাশবাড়ি ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকাল ৫ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় খাসকেল এর সঞ্চালনায় জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. কাজল বরন দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ জগন্নাথ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, ইসকন পটুয়াখালীর সাধারণ সম্পাদক শ্রী আহ্লাদ, সদর উপজেলা শাখা ঐক্য পরিষদের সভাপতি স্বপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার, সদস্য নুপুর রানী ও জেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব শুভ্রত শীল।

মানববন্ধনের পরে শহরে এক বিক্ষোভ  মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে  হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

বক্তারা, গাইবান্ধার পলাশবাড়ি   ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেয়ার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে হুমকিদাতাকে আইনের আওতায় এনে ন্যায় বিচার দাবী করেন।