পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকার সদর রোডে চারটি দোকানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের শাটার ভেঙে নগদ টাকা ও কাপড়সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১০ জুন) ভোররাতে পৌর এলাকার সদর রোড, কালিবাড়ি রোড ও থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

চুরির শিকার দোকানগুলো হলো— সদর রোডের প্রিয়াংকা ক্লথ স্টোর, কালিবাড়ি রোডের জয় স্টোর অ্যান্ড বড়শি ঘর, খেয়াঘাট এলাকার হাবিব স্টোর এবং থানা মসজিদ সংলগ্ন শংকরের পানের দোকান।

প্রিয়াংকা বস্ত্রালয়ের মালিক ববিতা রাণী জানান, সকালে দোকান খুলতে এসে তারা শাটার ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখা যায় কাপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং বেশিরভাগ থ্রি-পিসসহ বিভিন্ন মালামাল খোয়া গেছে।

দোকান কর্মচারী আনন্দ দেবনাথ জানান, লুঙ্গি, শাড়ি, থ্রি-পিস, নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একদল চোর দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও কাপড়সহ মালামাল নিয়ে যাচ্ছে। পরে ব্যাগ ও টুকরি নিয়ে কয়েকজনকে ঘটনাস্থল থেকে হেঁটে যেতে দেখা যায়।

এ ঘটনায় দোকান মালিক ববিতা রাণী গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”