পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ও চর বিশ্বাস ইউনিয়নে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও নিম্ন ভোল্টেজের কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এলাকাবাসীর অভিযোগ, ২৪ ঘণ্টায় ২৬ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালির কাজ ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জুয়েল আহমেদ বলেন, “চর কাজল ও চর বিশ্বাসে ২৪ ঘণ্টায় ২৬ বার বিদ্যুৎ আসে আর যায়। যখন বিদ্যুৎ থাকে, তখনও ভোল্টেজ এত কম থাকে যে ফ্রিজ, ফ্যানসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ঠিকমতো চলে না। মানুষের বিল দ্বিগুণ হচ্ছে।”
এ বিষয়ে গলাচিপা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার জয় প্রকাশ নন্দী অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “চর বিশ্বাস ও চর কাজল এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয় ভোলা সদর গ্রিড থেকে। নদী অতিক্রম করে পানির নিচে স্থাপিত আন্ডারগ্রাউন্ড লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। দীর্ঘ দূরত্বের কারণে স্বাভাবিকভাবেই ভোল্টেজের তারতম্য দেখা দেয়।”
তিনি আরও বলেন, “চরফ্যাশনে একটি নতুন গ্রিড নির্মাণের কাজ চলছে। গ্রিডটির কাজ সম্পন্ন হলে এ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতির উন্নতি হবে।”