আসন্ন পবিত্র-ঈদ-উল আযহা উপলক্ষে র‌্যাব-৮, সিপিসি-১ এর দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পটুয়াখালী ও বরগুনা জেলার বৃহত্তর পশুর হাট এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কেন্দ্রীয় বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৮। পশুর হাটে জালটাকা সনাক্তকরণের অত্যাধুনিক মেশিন বসানোসহ সার্বিক ব্যবস্থাপনায় র‌্যাব-৮ এর কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

এছাড়া মহাসড়কসহ ফেরিঘাট, লঞ্চ টার্মিনাল ও গরুর হাটে পোশাকধারী ও সাদাপোশাকে সার্বক্ষণিক র‌্যাবের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন পশুর হাটে আভিযানিক দল নিয়োগ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি না হয় এবং ক্রেতা-বিক্রেতারা যেন নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারে । কোরবানীর পশু পরিবহনে চাঁদাবাজি রোধে র‌্যাব-৮ বদ্ধ পরিকর বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তারা।

ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ যাতে ছিনতাই, অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে না পড়ে সে জন্য বিভিন্ন পয়েণ্টে চেক পোস্ট কার্যক্রম জোরালোভাবে শুরু হয়েছে। বিশেষ করে র‌্যাব-৮ এর আওতাধীন বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত বিশেষ টহলের ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া, জেলার বিভিন্ন মার্কেট ও বিপনী-বিতান এবং ঈদগাহে সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্কোয়াড্রন লিডার রাশেদ, কোম্পানী অধিনায়ক, র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী।