পটুয়াখালীর একটি রেস্তোরাঁর খাবারের মান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতিবাচক রিভিউ দেওয়াকে কেন্দ্র করে এক তরুণ ফুড ব্লগারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. লুৎফর রহমান সুফিয়ান (২১) পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯৮৮)।

বুধবার বিকেল ৫ টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লুৎফর রহমান সুফিয়ান জানায়, গত ১৪ মে রাতে সে তাঁর দুই বন্ধুকে নিয়ে পটুয়াখালী পৌরসভার হেতালিয়া বাঁধঘাট এলাকায় ‘হোটেল সিঙ্গাপুর’ নামের একটি রেস্তোরাঁয় নৈশভোজ করতে যান। খাবার পরিবেশনের পর খাবারের মান সন্তোষজনক না হওয়ায় তারা বিষয়টি দায়িত্বরত কর্মচারীদের অবহিত করেন। তবে অভিযোগ অনুযায়ী, রেস্তোরাঁর কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি।

এরপর গত ১৮ মে সুফিয়ান ‘ফুড ব্লগার্স অফ পটুয়াখালী’ নামের ফেসবুক গ্রুপে উক্ত রেস্তোরাঁর খাবারের মান নিয়ে একটি রিভিউ পোস্ট করেন। এ রিভিউটি প্রকাশের পরদিন ১৯ মে দুপুরে হোটেল মালিক মো. জলিল ফেসবুক আইডির মাধ্যমে কল করে সুফিয়ানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লোকজন দিয়ে মারধরসহ প্রাণনাশের হুমকি দেন।

সুফিয়ানের দাবি, পরবর্তীতে সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাঁদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করে। একই রাতে হোটেল মালিক পক্ষ ঘটনাটি ভিন্নখাতে নিতে এক সংবাদ সম্মেলন করে দাবি করে যে, সুফিয়ান ও তাঁর সঙ্গীরা বিল পরিশোধ না করেই রেস্তোরাঁ ত্যাগ করেন এবং ব্যক্তিগত ক্ষোভ থেকেই নেতিবাচক রিভিউ দিয়েছেন।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে সুফিয়ান বলেন, খাবারের বিল পরিশোধের ডিজিটাল পেমেন্ট স্লিপ এবং ভিডিও প্রমাণ তাঁর কাছে সংরক্ষিত রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “খাবারের মান নিয়ে একজন ভোক্তা হিসেবে মতামত প্রকাশ করায় আমাকে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয়েছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সুফিয়ান।

পটুয়াখালী সদর থানার ওসি বিষয়টি তদন্তের জন্য সাব-ইন্সপেক্টর (এসআই) মো. শিহাব বাহাদুরকে দায়িত্ব দিয়েছেন বলে জানান তিনি।