পটুয়াখালীতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, অগ্নিনির্বাপন মহড়া ও নজেল ডিসপ্লেসহ বিভিন্ন আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালী’র আয়োজনে ” অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদে রাখবো সম্পদ ও জীবন” এ প্রতিপাদ্য নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন উপলক্ষে শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে বেলুন- ফেস্টুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন শেষে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে পটুয়াখালী সদর ফায়ার স্টেশন প্রাঙ্গনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালীর সহকারি পরিচালক দেওয়ান মোহাম্মদ রাজিব এর সভাপতিত্বে ও স্টেশনের লিডার সুবোধ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় সপ্তাহ’র প্রতিপাদ্য “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদে রাখবো সম্পদ ও জীবন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, জেল সুপার মো. আতিকুর রহমান ও নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান। 

সভায় প্রধান অতিথিসহ বক্তারা বলেন, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। সমাজে সচেতনা বৃদ্ধি হলে অগ্নিদুর্ঘটনা হ্রাস পাবে। 

বক্তারা, অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন -২০০৩ সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের ও তরুন সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। 

সভায় স্বাগত বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালীর সহকারি পরিচালক দেওয়ান মোহাম্মদ রাজিব জানান, “চলতি বছরের ০১ জানুয়ারী হতে ৩০ এপ্রিল পর্যন্ত ৪ মাসে পটুয়াখালী জেলায় ১৪৯ টি অগ্নিকান্ডের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১১ জন। এ অগ্নিকান্ডে ২ কোটি ১৮ লক্ষ ৭৯ হাজার ৯’শ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পদ উদ্ধার করা হয়েছে ৯ কোটি ১২ লক্ষ ৩৭ হাজার টাকার।