পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ প্রতিযোগিতায় উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন এম. শামীম আহমেদ নাসির এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সোনিয়া জাহান হাসি। সম্প্রতি উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির চূড়ান্ত মূল্যায়ন শেষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি শেখ মোঃ রাসেল এবং উপজেলা শিক্ষা অফিসার ও সদস্য সচিব মোঃ মজিবুর রহমানের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শিক্ষা কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন, ক্লাসরুমে মানসম্মত ও আধুনিক শিক্ষাদান পদ্ধতি প্রয়োগ, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের এই শ্রেষ্ঠত্বে ভূষিত করা হয়েছে।

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এম. শামীম আহমেদ নাসির উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা সোনিয়া জাহান হাসি উপজেলার ভাটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।

এই গৌরবময় অর্জনে উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে দুই কৃতি শিক্ষককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

উপজেলার জ্যেষ্ঠ শিক্ষাবিদ ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেন, এই ধরনের স্বীকৃতি শুধু এই দুজনকে সম্মানিত করেনি, বরং উপজেলার অন্যান্য শিক্ষকদেরও পেশাগত দায়িত্ব পালনে এবং শিক্ষার মান বৃদ্ধিতে আরও বেশি অনুপ্রাণিত ও বেগবান করবে।