সরকারি বরাদ্দের আশায় পথ চেয়ে না থেকে, নিজেদের চলাচলের রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের আব্দুল মজিদ। শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পরিবারের সদস্য, জ্ঞাতি ও প্রতিবেশীদের সাথে নিয়ে নিজ উদ্যোগে বিনা পারিশ্রমিকে মাজার ঘাটের রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছেন তিনি।

শনিবার (১৬ মে) বিকেলে পূর্ব সুবিদখালী এলাকার ওই সড়কটি পরিদর্শনে যান মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক শেখ মোঃ রাসেল। এ সময় তিনি সংস্কার কাজের পাশে বসে আব্দুল মজিদের সাথে কথা বলেন এবং তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাজার ঘাটের এই রাস্তাটি সামাজিক বা গ্রামীণ সড়ক হলেও প্রতিদিন শত শত মানুষ এটি ব্যবহার করেন। বিশেষ করে সুবিদখালী এলাকা থেকে কম সময়ে খেয়া পার হয়ে ওপারে মির্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দীন খলিফা (রহঃ) এর মাজার, সংলগ্ন মাদ্রাসা, হাইস্কুল ও মির্জাগঞ্জ থানায় যাতায়াতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্টকাট রুট। রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকলেও সরকারি সংস্কারের অপেক্ষায় না থেকে আব্দুল মজিদ নিজেই শক্ত হাতে কোদাল তুলে নেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল বলেন, “আব্দুল মজিদের এই স্বতঃস্ফূর্ত ও নিঃস্বার্থ জনকল্যাণমূলক কাজটি সত্যি অনুকরণীয়। শারীরিক সীমাবদ্ধতা যে কোনো ভালো কাজের বাধা হতে পারে না, তিনি তা প্রমাণ করেছেন। আমাদের দেশ ও সমাজের উন্নয়নে এমন আত্মপ্রত্যয়ী ও উদ্যোগী মানুষের বড় বেশি প্রয়োজন।”

যাতায়াতকারীদের ভোগান্তি লাঘবে আব্দুল মজিদ ও তাঁর পরিবারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।