সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’র মির্জাগঞ্জ উপজেলা বিশেষ কমিটি ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের যৌথ উদ্যোগে এদিন সকাল ৯টায় আদালত প্রাঙ্গণ থেকে একটি র‍্যালী বের করা হয়। ব্যান্ড পার্টির ঢোলের শব্দ আর বাঁশির সুরে মুখরিত র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালী পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।

অ্যাডভোকেট এ. কে আজাদ বাপ্পীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম, উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু ও সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মো. আবদুর রহমান, অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ ও অসহায় মানুষের বিচারিক অধিকার নিশ্চিত করতে সরকারি আইনগত সহায়তা একটি যুগান্তকারী পদক্ষেপ। বিনা খরচে আইনি সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং লিগ্যাল এইডের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।