ভোজ্য তেলের বাজার মনিটরিং এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে র‍্যাব এর অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (১৯ এপ্রিল) র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ও জেলা প্রশাসন, বরগুনা’র সমন্বয়ে যৌথ আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে। র‌্যাব সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধ ও নিরবিচ্ছিন্ন সরবরাহ জারী রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অবৈধ মজুদ কঠোরভাবে দমন, নিয়মিত বাজার তদারকি জোরদার করার মাধ্যমে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান ভোজ্য তেল অবৈধ মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরী করতে না পারে সেই লক্ষ্যে বরগুনা জেলার পাথরঘাটা থানা এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সচেতন ও সতর্ক করার পাশাপাশি পাথরঘাটা থানার কাকচিড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারা লংঘন করে অসাধু উপায়ে ৩৬,৭২০ লিটার তেল মজুদ ও চড়া দামে বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে পৃথকভাবে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়। 

অভিযান শেষে তেলগুলো ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতা সাধারণ। 

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সচেতন নাগরিক হিসেবে অবৈধ মজুতদার সম্পর্কে  র‌্যাবকে অবগত করার জন্য অনুরোধ করেছেন র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালীর স্কোয়াড্রন লিডার রাশেদ।

অবৈধ মজুতদার, অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমনে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী দৃঢ় প্রতিজ্ঞ বলে ব্যক্ত করেন র‍্যাব কর্মকর্তা।