স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী  মোঃ বেলাল হোসেনের পটুয়াখালীতে আগমন উপলক্ষে সুধী সমাবেশ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাত ৮ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এর সভাপতিত্বে ও শিক্ষিকা সোনামনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন। এ সভায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, পৌর প্রশাসক ও ডিডিএলজি’র উপ-পরিচালক (উপসচিব) জুয়েল রানা।

সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা, টেকসই প্রকল্প বাস্তবায়ন এবং এলজিইডি’র চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন তার বক্তব্যে  বলেন, “দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলজিইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং পটুয়াখালী জেলাকে উন্নয়নের ধারায় আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি সুষ্ঠু পরিকল্পনা ও মানসম্পন্ন কাজের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।