পটুয়াখালীর মির্জাগঞ্জে বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র সুবিদখালী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি, মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অপরিচ্ছন্ন পরিবেশ ও অন্যান্য অনিয়ম এর কারনে মুসলিম সুইটসকে ৮০০০ টাকা, মূল্য তালিকা ও মোড়ক সংক্রান্ত ত্রুটির কারণে মেসার্স দেবনাথ ট্রেডার্সকে ৩,৫০০ টাকা, নির্ধারিত দামের চেয়ে বেশি রাখার কারণে সাহা ট্রেডার্সকে ২,৫০০ টাকা, পণ্য বিক্রিতে অনিয়ম এর কারণে মেসার্স রমেশ ট্রেডার্সকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া বলেন, “অতিরিক্ত মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছেন। ব্যবসায়ীদের স্পষ্ট সতর্ক করা হয়েছে যেন তারা দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখেন এবং সরকার নির্ধারিত দাম মেনে চলেন। বাজার স্থিতিশীল রাখতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ ক্রেতারা।