পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির কমপ্লেক্সে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও অনুষ্ঠানমালা। দেশ মাতৃকা ও বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় প্রতি বছরের ন্যায় এবারও এই উৎসবের আয়োজন করা হয়েছে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আগামী ৬ বৈশাখ ১৪৩৩ (২০ এপ্রিল ২০২৬), সোমবার রাত ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। উৎসবের মূল আকর্ষণ অখণ্ড নামসংকীর্তন চলবে ৮ বৈশাখ থেকে ১০ বৈশাখ (২২ থেকে ২৪ এপ্রিল) পর্যন্ত। সমাপনী দিনে ১১ বৈশাখ (২৫ এপ্রিল) সকালে কুঞ্জভঙ্গ, নগরকীর্তন ও জলকেলি এবং মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
এবারের মহানামযজ্ঞে নামসুধা পরিবেশন করবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রখ্যাত দলসমূহ। এর মধ্যে রয়েছে— ঢাকার বন্ধু বিহারী সম্প্রদায়, ঝিনাইদহের গৌরহরি সম্প্রদায়, মাদারীপুরের বিষ্ণু মন্দির সম্প্রদায়, বরিশালের সত্য নারায়ণ সম্প্রদায়, মাগুরার রাধাকৃষ্ণ সম্প্রদায় এবং গোপালগঞ্জের মা সারদা সম্প্রদায়।
কীর্তন উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় কুমার দাস (মনু) ও সাধারণ সম্পাদক রতন দেবনাথ জানান, উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আধ্যাত্মিক এই মিলনমেলায় সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন তারা।
সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কীর্তন উদযাপন কমিটির কোষাধ্যক্ষ মিঠুন কর্মকার এবং প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট কালাচান সাহা। ৫ দিনব্যাপী এই বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।