পটুয়াখালীর দুমকি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন—নুরুল ইসলাম মৃধা (২৬) ও রাজিব হাওলাদার (২৩)। গোপন সংবাদের ভিত্তিতে মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজারের পশ্চিম পাশে ত্রিমুখী পাকা সড়কে অভিযান চালায় দুমকি থানা পুলিশের একটি দল।

অভিযানকালে নুরুল ইসলাম মৃধার কাছ থেকে ৯ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। একই সময় অন্য এক অভিযানে রাজিব হাওলাদারের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৬৩০ টাকা জব্দ করে পুলিশ।

​দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।”

​তিনি আরও বলেন, “এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। অপরাধীদের দমনে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আজ ​শনিবার সকালে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।