পটুয়াখালীর দুমকিতে একটি ওয়ারেন্টভুক্ত আসামি ও সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-পারিবারিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আঃ আজিজ আহম্মেদ কলেজের প্রভাষক মোঃ আল-আমীন হাওলাদার (৩৮) ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজান শিকদার (৩৫)।
দুমকি থানা সূত্রে জানা গেছে, আজিজ আহম্মেদ কলেজের প্রভাষক আল-আমীন হাওলাদারের বিরুদ্ধে পারিবারিক কলহজনিত তার সাবেক স্ত্রী নুরুন নাহার বেগম পারিবারিক ডিক্রির মামলায় আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে মিজান শিকদারের বিরুদ্ধে দুটি মাদক মামলায় আদালতের সাজা পরোয়ানা রয়েছে। এর মধ্যে এক মামলায় তাকে ২ বছর ৫ মাস কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অপর মামলায় ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর থেকেই মিজান পলাতক ছিল।
এছাড়া তার বিরুদ্ধে ১১টি মাদক মামলাসহ অন্যান্য ধারার আরও ৫টি মামলা বিচারাধীন রয়েছে, তার বিরুদ্ধে মোট ১৬টি মামলায় রয়েছে।
গ্রেফতারকৃত মিজান শিকদারের বাড়ি লেবুখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আঠারোগাছিয়া এলাকায় এবং আল-আমীন হাওলাদারের বাড়ি শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রামে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, “গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।”