পটুয়াখালীতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করে ৭২ জন ওয়ারিশের জমিতে রাতের আধারে অবৈধভাবে ঘর তোলার চেষ্টা ও মিথ্যা ঘটনা সাজিয়ে অপ প্রচারের প্রতিবাদে ৭২ ওয়ারিশের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় পটুয়াখালী কোস্টগার্ড এর সামনে বিরোধপূর্ণ জমিতে ৭২ ওয়ারিশের আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৭২ ওয়ারিশের অন্যতম ওয়ারিশ ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী।

লিখিত বক্তব্যে রব্বানী বলেন, “সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর মৌজার ৪৩ নং খতিয়ানের ৮৬৬ দাগে মোট এক একর চুয়ান্ন শতাংশ (১৫৪ শতাংশ) জমি পৈত্রিক সূত্রে আমরা দুই গ্রুপে মরহুম আর্শেদ আলী হাওলাদারের ৬ ছেলে ও ৪ মেয়ে এবং মরহুম মানিক হাওলাদারের ৪ ছেলে ও ৫ মেয়ে এ দুই গ্রুপে মোট ৭৩ জন ওয়ারিশ। আমাদের ৭৩ জন ওয়ারিশের মধ্যে আমাদের প্রতিপক্ষ আনোয়ার হোসেনও একজন ওয়ারিশ। আনোয়ার পৈত্রিক ওয়ারিশ সূত্রে ০.০২৬ শতাংশ এবং ক্রয় সূত্রে ৩.২৪ শতাংশ জমির মালিক। আনোয়ার তার চাচা আমির হোসেন হাওলাদারের নিকট থেকে ২০০৯ সালে ক্রয় করেন। যার নিকট থেকে জমি ক্রয় করে তার ভোগদখলীয় জমি ছিল উত্তর অংশে। আমির হাওলাদারের বড় ছেলে ও মেজ ছেলে আনোয়ারের সম্পত্তি উত্তর অংশ দিয়ে দখল বুঝিয়ে দেয়। কিন্তু আনোয়ার বাকি ৭২ জন ওয়ারিশের জমিতে ঘর তোলার চেষ্টা করলে সকল ওয়ারিশ বাঁধা প্রদান করে। এতে আনোয়ার গত ২৮.০২.২৬ ইং তারিখ আবেদন করায়, জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেন। তিনি আমাদের উভয় পক্ষকে ডেকে উল্লেখিত জমিতে কোন কাজ করতে নিষেধ করে এবং আগামী ২৯.০৩.২৬ ইং তারিখ লিখিত নোটিশের মাধ্যমে আমাদের উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেন। যার স্মারক নং ৭৭, তারিখ: ০৪.০৩.২০২৬ইং।

কিন্তু আনোয়ার হোসেন হাওলাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করে রাতের আধারে ৭২ জন ওয়ারিশের জমিতে অবৈধভাবে ঘর তোলার চেষ্টা করে। পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৭২ জন ওয়ারিশের জমি অবৈধভাবে দখলের জন্য আনোয়ার বিভিন্ন কৌশলে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করাচ্ছে। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে অবৈধভাবে জমি দখলের চেষ্টাকারী ও মিথ্যা অপপ্রচারকারী আনোয়ার হাওলাদারের বিচার দাবী করছি।”

এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন গোলাম রব্বানীসহ ওয়ারিশগন।

এ সময় অন্যান্য ওয়ারিশদের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্জুর আহমেদ, রফিকুল ইসলাম, নজরুল মৃধা, জাহাঙ্গীর হোসেন, রাজ্জাক জোমাদ্দার, রাজ্জাক খান, জাকির মৃধা, সোহাগ প্যাদা, গোলাম মাওলা মিঠুন, মুসা হাওলাদার, গোলাম রাব্বি ও মোশারফ হাওলাদারসহ অন্যান্য ওয়ারিশগণ।