ত্রয়োদশ জাতীশ সংসদ নির্বাচনে পটুয়াখালী–১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত বাংলাদেশ জাসদের সংসদ সদস্য পদপ্রার্থী মোটর গাড়ি প্রতীকের প্রার্থী উদীয়মান তরুন রাজনীতিবিদ রাজপথের সাবেক লড়াকু  ছাত্রনেতা গৌতম চন্দ্র শীল স্বর্গীয় পিতা যোগেশ চন্দ্র শীল ও মাতা-উষা রানী শীলের সমাধি স্থানে উপস্থিত হয়ে তাদের আত্মার শান্তি কামনা করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের জামুড়া গ্রামের বাড়ির পারিবারিক শ্মশানে স্বর্গীয় পিতা  ও মাতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে জামুড়া মাদ্রাসা সংলগ্ন বাজার এলাকা, শ্রীরামপুর বাজার ও লাউকাঠি বাজারের সকল দোকানী ও সাধারণ ভোটার জনসাধারণের সাথে কুশল বিনিময় করে সমাজ পরিবর্তনের লক্ষ্যে কালো টাকার মালিক, চাঁদাবাজ, দখলদার, লুটেরাদের বর্জন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেনী-পেশার মানুষের জন্য সুখে, শান্তিতে ও নিরাপদে বসবাস উপযোগী পটুয়াখালী বিনির্মান করার জন্য তার মোটর গাড়ি মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

তিনি শ্রীরামপুর বাজারে সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত ভোটার সাধারণকে বলেন, “ভোট কোন পণ্য নয়, ভোট মূল্যবান সম্পদ যা জণগন এবং এলাকার উন্নয়নে আমূল পরিবর্তন করার একমাত্র হাতিয়ার।”

তাই ভোট প্রয়োগে নিজের বিবেককে জাগ্রত করার আহবান জানিয়ে এমপি প্রার্থী গৌতম চন্দ্র শীল বলেন, “সংসদকে কালো টাকার মালিকদের ক্লাবে পরিনত করার জন্য ভোট নয়, ভোট হোক জনগণের মৌলিক অধিকার রক্ষার চাবি।” আগামী১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে মব সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, দখলদার, টেন্ডারবাজমুক্ত পটুয়াখালী নিশ্চিত করার জন্য মোটর গাড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তরুন নেতা গৌতম চন্দ্র শীল।

এ সময় তার সাথে ছিলেন বামধারার গণতান্ত্রিক যুক্তফ্রন্টের অন্যতম শরীকদল বাসদের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম সবুজ ও সানাউল্লাহ প্রমুখ।