সাতক্ষীরার শ্যামনগরে ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ১০ চাকার একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. আব্দুল আজিজ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর-ভেটখালী সড়কের পেঁচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আব্দুল আজিজ তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে পেঁচোর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল আজিজের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। পরে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার পর এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাতক্ষীরা-শ্যামনগর এবং মুন্সীগঞ্জ-ভেটখালী সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল ও চালকদের অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ পথচারীসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন বাস্তবায়ন, চালকদের দক্ষতা ও বৈধ কাগজপত্র যাচাই এবং নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
মোঃ হযরত আলী শান্ত, শ্যামনগর, সাতক্ষীরা: 











