গোপালগঞ্জের কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ একদল লোক বাড়িটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
এদিকে, জেলার মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়েও ভাঙচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
এদিকে, বুধবার রাতের পর নতুন করে বড় ধরনের সহিংসতার খবর না পাওয়া গেলেও পুরো গোপালগঞ্জজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না।
বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এতে মহাসড়ক দুটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পাশাপাশি জেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কেও ব্যারিকেড দেওয়ার খবর পাওয়া গেছে।
ভোর থেকেই গোপালগঞ্জ শহর ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা ভোগান্তিতে পড়েছেন। শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
অন্যদিকে, গত ১৭ নভেম্বর রাত থেকে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করায় গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।
নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে জানা গেছে, বুধবার থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দৃশ্যমান নিরাপত্তা চৌকি দেখা যায়নি। তবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
সার্বিক পরিস্থিতিতে গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক না হওয়া এবং বিভিন্ন স্থানে অবরোধ অব্যাহত থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
ঘটনাগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ: 











