খুলনা মহানগরের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, নিরাপত্তা এবং মৌলিক সেবা প্রাপ্তির অধিকার নিশ্চিত করার মাধ্যমে বৈষম্য কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ লক্ষ্যে নগর দরিদ্রদের পাশে দাঁড়াতে খুলনা সিটি কর্পোরেশনকে আরও কার্যকর, দায়িত্বশীল ও সমন্বিত ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় খুলনা নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ‘খুলনা মহানগরের দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা সেবা ও নিরাপত্তার অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে বৈষম্য হ্রাস’ শীর্ষক এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগর দরিদ্রদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওয়ার্ডভিত্তিক তথ্যভান্ডার তৈরি, সরকারি সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করা এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, নগর দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো প্রয়োজন। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা, সহজে সরকারি সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি এবং বিভিন্ন সহায়তা কর্মসূচির সঙ্গে তাঁদের কার্যকর সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে নাগরিকদের চাহিদা চিহ্নিত করে হয়রানিমুক্ত সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বাংলাদেশ মিশনের সহযোগিতায় কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (সিইউপি) এ নাগরিক সংলাপের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হোসেনুর রহমান এবং কেসিসির সচিব মো. রেজা রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইউপির নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সান-ইয়াত। সামাজিক সুরক্ষার আন্তর্জাতিক ও মানবাধিকারভিত্তিক বিভিন্ন দিক তুলে ধরেন ওএইচসিএইচআর বাংলাদেশ মিশনের সহকারী মানবাধিকার কর্মকর্তা ও অর্থনীতিবিদ মো. সালে মোস্তফা।
সংলাপে সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, কেসিসির প্রতিনিধি, নগরীর ৩১টি ওয়ার্ডের কমিউনিটি সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনায় নগর দরিদ্রদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে আসে। এর মধ্যে রয়েছে—ওয়ার্ডভিত্তিক ঝুঁকিপূর্ণ পরিবারের তথ্যভান্ডার তৈরি, সামাজিক সুরক্ষা সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজগম্য সেবা নিশ্চিত করা, প্রবীণ ও শিশুদের সুরক্ষা, কার্যকর অভিযোগ প্রতিকার ব্যবস্থা গড়ে তোলা এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা।
এ ছাড়া নগর দরিদ্রদের জন্য পরিবারভিত্তিক সহায়তা ও ফ্যামিলি কার্ড, ব্যক্তি ও জীবনচক্রভিত্তিক সহায়তা এবং পেশা ও জলবায়ু ঝুঁকিভিত্তিক সুরক্ষা—এই তিন স্তরে একটি সমন্বিত সামাজিক সুরক্ষা মডেল গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়।
সংলাপে উপস্থাপিত ধারণাপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ), ১৭, ১৯ ও ২৮ অনুচ্ছেদ এবং জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল সামাজিক সুরক্ষা ও বৈষম্য হ্রাসের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও নীতিগত ভিত্তি। ২০২৬–২০৩৫ মেয়াদের নতুন কৌশলগত কাঠামোর আওতায় নগর দরিদ্রদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত ও জলবায়ু-সহনশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তাকে কেবল আর্থিক বা মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। নগর দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিরাপদ আবাসন, মানসম্মত স্বাস্থ্যসেবা, শিক্ষা, সুপেয় পানি, স্যানিটেশন এবং জীবিকার সুযোগ নিশ্চিত করা গেলে দারিদ্র্য ও সামাজিক বৈষম্য কমানোর পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হবে।
সংলাপের শেষ পর্যায়ে নগর দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে বিভিন্ন কমিউনিটি সংগঠনের প্রতিনিধিরা প্রধান অতিথির কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এতে ফ্যামিলি কার্ড চালু, বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের ভাতা নিশ্চিত করা, ওয়ার্ডভিত্তিক সামাজিক সুরক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা, কমিউনিটি ডে-কেয়ার সেন্টার চালু, নিরাপদ আবাসনের ব্যবস্থা, স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দরিদ্র পরিবারগুলোর জন্য বিশেষ সহায়তা প্রদানের দাবি জানানো হয়।
সংলাপে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, নাগরিক সমাজ ও কমিউনিটি সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে খুলনা মহানগরের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সরকারি সেবা প্রাপ্তিতে বিদ্যমান বৈষম্য ও প্রতিবন্ধকতা অনেকাংশে দূর করা সম্ভব হবে।
আল-মাহফুজ শাওন, খুলনা: 











