দীর্ঘ ২৬ বছরের শিক্ষা-ঐতিহ্য, সাফল্য ও অগ্রযাত্রার মাইলফলক ছুঁয়েছে পটুয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুল। প্রতিষ্ঠার ২৬তম বছর পূর্তি এবং সরকারিভাবে নিবন্ধনপ্রাপ্তির আনন্দকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়টির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আনন্দ র্যালির আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত র্যালিতে অতিথি হিসেবে অংশ নেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক আনোয়ার হোসেন বাদল, প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জাতীয় সংসদের সাবেক উপপরিচালক বজলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বড় চৌরাস্তা প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অংশগ্রহণকারীদের উৎসাহ-উদ্দীপনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
দীর্ঘ ২৬ বছরের নিরবচ্ছিন্ন শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির সরকারি নিবন্ধনপ্রাপ্তি একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এ অর্জনকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কবি ও কথাসাহিত্যিক আনোয়ার হোসেন বাদল বলেন, ‘কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুল শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি কালিকাপুরের সম্পদ। দীর্ঘ পথচলার পর প্রতিষ্ঠানটির সরকারি নিবন্ধনপ্রাপ্তি আমাদের সবার জন্য আনন্দ ও গর্বের বিষয়।’
তিনি আরও জানান, সরকারি নিবন্ধনপ্রাপ্তির এ আনন্দকে কেন্দ্র করে আগামী তিন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী ও সরকারি নিবন্ধনপ্রাপ্তিকে ঘিরে আয়োজিত এ বর্ণাঢ্য র্যালি শুধু একটি উদ্যাপন নয়, বরং বিদ্যালয়টির দীর্ঘ শিক্ষাযাত্রা, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনার এক আনন্দঘন প্রতিফলন।
শিক্ষার গুণগত মান উন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলার প্রত্যয় নিয়ে কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুল আগামী দিনেও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 











