‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুল কাইয়ুম জমাদ্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আরাফাত হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ আবু হাসান, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শেখ গাউস আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন এবং অ্যাডভোকেট আলমগীর হোসেন।
এ ছাড়া ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মুন্নিয়া আফসারী নিহা এবং গীতা পাঠ করেন শান্তা হালদার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার বলেন, কন্যাশিশু কোনো বোঝা নয়, বরং অফুরন্ত সম্ভাবনার উৎস। কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং সমাজে তাদের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি কন্যাশিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের শিক্ষা, বিকাশ ও ভবিষ্যৎ গঠনে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
খান আরিফুজ্জামান নয়ন, ডুমুরিয়া, খুলনা: 











