পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে পেশাদার চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) পটুয়াখালী সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ফয়সাল ওরফে বাবু (৩১) ও মো. রাজিব শেখ (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি বিশেষ দল নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া বিভিন্ন মালামাল সংশ্লিষ্ট স্থান থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মো. ফয়সাল ওরফে বাবু (৩১) পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া এলাকার মজিবর মুসল্লী ও রিনা বেগমের ছেলে। তিনি বর্তমানে মহিপুর থানার লতিফপুর গ্রামে তাঁর শ্বশুর মৌজালি হাওলাদারের বাড়িতে বসবাস করছিলেন।
অপর গ্রেপ্তারকৃত মো. রাজিব শেখ (৩০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার শ্রীপুর বনগ্রাম (বহর বউলা) এলাকার আ. রশিদ শেখ ও রুমিচা বেগমের ছেলে। তিনি বর্তমানে পটুয়াখালী পৌরসভার পুরাতন ফেরিঘাট এলাকায় আফজাল গাজীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পটুয়াখালী সদর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরির মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মু. হেলাল আহম্মেদ রিপন, পটুয়াখালী: 











