পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর দেওয়া ডিও লেটারের পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে পাঠানো ডিও লেটারে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকার সঙ্গে পটুয়াখালীর যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। পাশাপাশি পায়রা বন্দর, কুয়াকাটা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে জেলার অর্থনৈতিক গুরুত্ব ও সম্ভাবনা বেড়েছে।”
চিঠিতে তিনি উল্লেখ করেন, “জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পটুয়াখালী শহরে আবাসন, সড়ক যোগাযোগ, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও যানজট নিয়ন্ত্রণসহ নাগরিক সুবিধার চাহিদা বাড়ছে। বিদ্যমান পৌর কাঠামোয় এসব সেবা নিশ্চিত করতে সীমাবদ্ধতা থাকায় সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”
এরপর ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে বিষয়টি উল্লেখ করে সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট চিঠি দুটির তথ্য অনুযায়ী, পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগটি প্রশাসনিক পর্যায়ে এগিয়েছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা সরকারি কোনো ঘোষণা হয়নি। সম্ভাব্যতা যাচাই ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 










