দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdnews24.com এর প্রকাশক ও প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনের একটি হাসপাতালে বাংলাদেশ সময় আজ শুক্রবার সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) bdnews24.com এর স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুর আগে তিনি লন্ডনেই স্ট্রোক করেন।
তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম bdnews24.com এর প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি লন্ডন-ভিত্তিক গণমাধ্যম BBC-তে উপস্থাপক, প্রযোজক এবং সম্পাদক পদে কাজ করেছেন।
bdnews24.com এর পূর্বে খালিদী সম্পাদকীয় ও গণমাধ্যম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতার অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ঢাকা, লন্ডন, প্যারিস এবং টোকিওর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।
খালিদী ২০১৭ সালের ডিসেম্বর মাসে “ডিজিটাল বাংলাদেশ উন্নয়নে বিশেষ স্বীকৃতি ও সম্মাননা” হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার লাভ করেছিলেন।
খালিদীর মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়লে সমগ্র দেশজুড়ে সাংবাদিক সমাজ সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 






