পটুয়াখালী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শহরের পৃথক স্থান থেকে রাতুল হাসান বাবু (২৫) ও মেহেদী হাসান ওরফে রাব্বি (২৩) দুই পেশাদার চোর গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার রাতে পটুয়াখালী থানা পুলিশের এসআই (নিঃ) শিহাব বাহাদুরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মো: রাতুল হাসান বাবু (২৫) নামের এক পেশাদার চোরকে গ্রেফতার করে। রাতুল পটুয়াখালী পৌরসভার ২য় লেনের কলাতলা এলাকার মোস্তফা তালুকদার ও নূর জাহান বেগমের ছেলে।
পৃথক আরেকটি অভিযানে পটুয়াখালী থানার এসআই (নিঃ) অজয় কুমার দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মো: মেহেদী হাসান ওরফে রাব্বি (২৩) নামের অপর এক পেশাদার চোরকে চোরাইকৃত মালামালসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাব্বি সদর রোডের আজাদ ফার্মেসীর পার্শ্বের গলির (বস্তি) বাসিন্দা মোসারেফ মৃধা ও মোসাঃ লাইলী বেগমের ছেলে, তার স্থায়ী ঠিকানা মরিচবুনিয়া ইউনিয়নে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “থানা এলাকায় অপরাধ দমন ও চুরির মতো ঘটনা রোধে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃত দুই পেশাদার চোরের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি পটুয়াখালী শহরে প্রায় প্রতি রাতে একাধিক দোকানে ও বসতবাড়িতে চুরি সংগঠিত হচ্ছে। এ প্রেক্ষিতে পুলিশ চোর ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে বলে অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম জানান।
জালাল আহমেদ: 











